দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে সুনামগঞ্জের মধ্যনগরে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’। প্রতিযোগিতায় ‘আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ’ বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয়েছে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে একতা উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
প্রধান অতিথির বক্তব্যে মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বরত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সৎ, দেশপ্রেমিক ও নীতিবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রণয়ন নয়, সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি এবং আইনি ব্যবস্থার কঠোর প্রয়োগও জরুরি।”
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিষয়ের পক্ষে-বিপক্ষে তথ্যবহুল ও যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন। তাদের যুক্তি, উপস্থাপনা ও তথ্যনির্ভর বক্তব্যের প্রশংসা করেন বিচারকমণ্ডলী ও উপস্থিত দর্শকরা।
অনুষ্ঠানে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যক্ষ গোলাম জিলানী, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









