ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সংসদের আয়োজনে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ, কোচিং ব্যবসা বন্ধ, শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্তরে মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুনিয়া মাহিন, উদীচী, ব্রাহ্মণবাড়িয়ার সদস্য এ.এস.এম সিয়াম, আবদুল্লাহ আল নোমান মুন্সী, শিহাব হাসান জাকু, আজহারুল ইসলাম ইমন এবং নারী ও শিশু অধিকার সংগঠন সুরক্ষার সংগঠক জেরিন শবনম লোপা প্রমুখ।
মানববন্ধনে আর্ন্তজাতিক বাণিজ্য ও জাতীয় স্বার্থের প্রসঙ্গ তুলে বক্তারা বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান।
তাদের অভিযোগ, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক কোনো বাণিজ্যিক চুক্তি জনগণের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ধরনের চুক্তি পর্যালোচনার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও দখলদারিত্বের কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। অন্যদিকে কোচিং নির্ভর শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ ও অর্থনৈতিক বোঝা তৈরি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষা ব্যবস্থায় কার্যকর সংস্কার প্রয়োজন। শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য মানববন্ধনে দাবি জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









