খাগড়াছড়ির দীঘিনালায় মাদকসহ আটকের পর মো. ইসমাইল হোসেন (২১) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার মেরুং ইউনিয়নের রশিকনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী মাদকসহ এক যুবককে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় দীঘিনালা থানা পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় ইসমাইল হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন মেরুং ইউনিয়নের রশিকনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম সোহরাব। আদালতের রায় শেষে তাকে বিধি অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘‘মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতা গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীকে ধন্যবাদ। সবাই সচেতন ও ঐক্যবদ্ধ হলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব। মাদক সেবন ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’
পুলিশ ও স্থানীয়দের এ ধরনের সম্মিলিত উদ্যোগ মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









