পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ২১০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি এবং পাঁচ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাতে পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি পাবনা সার্কেলের উপপরিদর্শক সোহানের নেতৃত্বে সদর উপজেলার চর সদিরাজপুর (পুরাতন পাড়া) এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ২১০ গ্রাম গাঁজাসহ মো. রব্বেল ফারাজী (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চর সদিরাজপুর গ্রামের মনির ফারাজীর ছেলে।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক সোহান বাদী হয়ে রব্বেল ফারাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় মামলা করেছেন।
এদিকে, পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সদর উপজেলার চর সদিরাজপুর ও লস্করপুর এবং ঈশ্বরদীর পাকশী, রূপপুর ও আওতাপাড়া এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চর সদিরাজপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. শিপন (৪০), পাবনা পৌরসভার কৃষ্ণপুর গ্রামের দুলালের ছেলে মো. হাফিজুর রহমান (৩২), ঈশ্বরদীর যুগীতলা গ্রামের আব্দুল গনির ছেলে মো. নাজমুস শাহাদত (৪১), বাঁশেরবাধা গ্রামের আপাল মন্ডলের ছেলে শ্যামল ইসলাম (২৫) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার কাচুটিয়া গ্রামের রবিউল মৃধার ছেলে মো. রাশেদুল ইসলাম (২০)।
ডিএনসি পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম, উপপরিদর্শক সোহান ও উপপরিদর্শক মো. জামালুর রহমান গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। চলতি আগস্ট মাসে এ পর্যন্ত মাদক অপরাধের ঘটনায় মোট ৪২ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









