রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে জড়ো হয়ে দোয়া ও মিলাদ মাহফিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করছিলেন। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশের ভাষ্য, ওই ব্যক্তিরা কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কিংবা আইনবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে তাদের বিরুদ্ধে কোন ধারায় মামলা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও সমাবেশের উদ্দেশ্যসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘‘১৫ আগস্ট সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নিতে তারা সেখানে সমবেত হয়েছিলেন। তাদের কাছে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। গ্রেপ্তারের সময় একটি ব্যানার জব্দ করা হয়। তাদের পরনে সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব্যাজ ছিল।’’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘‘সেখানে আওয়ামী লীগের বড় নেতাদেরও আসার কথা ছিল। তবে তারা আসার আগেই পুলিশ অভিযান চালায়।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









