বাংলাদেশ পুলিশে কর্মরত ৪৯ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এবং পুলিশ পরিদর্শক ডিবি উত্তর (জিএমপি) ও গাছা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ‘পুলিশ-২’ শাখা থেকে প্রকাশিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাধ্যতামূলক অবসরে পাঠানো এই পুলিশ কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। আইন অনুযায়ী তারা বিধি মোতাবেক অবসরজনিত সকল সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে পুলিশ বাহিনীতে পর্যায়ক্রমে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে এই ৪৯ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









