চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে আট শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আট শ্রমিকের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকালে হঠাৎ কারখানার ভেতর থেকে চিৎকার শুনতে পান তারা। পরে সেখানে গিয়ে অসুস্থ কয়েকজনকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হচ্ছে দেখতে পান। এরপর স্ক্র্যাপ জাহাজের ভেতরে কয়েকজনের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন কারখানায় ঢুকে ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারখানা থেকে ছড়িয়ে পড়া গ্যাসের তীব্রতা এত বেশি ছিল যে সাগরে ইলিশ ধরতে যাওয়া জেলেরাও বিপাকে পড়েন। স্থানীয় এক বাসিন্দা জানান, তাদের দুটি নৌকা উপকূলের দিকে ফিরলেও গ্যাসের গন্ধের কারণে কারখানার পাশের খালে ঢুকতে পারেনি। পরে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে নৌকা ঘাটে ভেড়াতে হয়।
কারখানার মালিকের প্রতিনিধি মো. মহিউদ্দিন জানান, কারখানার কাছ থেকে তিনি জেনেছেন, জাহাজে থাকা ছয় থেকে আটজন কর্মী অসতর্কতার কারণে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছেন। তবে ঘটনার বিস্তারিত জানতে তিনি কারখানায় যাওয়ার কথা জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইশতিয়াক রহমান বলেন, কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে ঘটনাস্থলে আরও দুজনের মরদেহ থাকার কথা জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে সকালে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তিনি বলেন, ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে যে জাহাজটি কাটা হচ্ছিল, সেটি এলএনজি বহন করত। এ ধরনের জাহাজ কাটার আগে গ্যাসমুক্ত করা প্রয়োজন।
তৌফিকুল ইসলাম আরও বলেন, জাহাজের কিছু ট্যাংকে ফ্লোরিন, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই-অক্সাইডের মতো গ্যাস থাকতে পারে। কর্তৃপক্ষ ট্যাংক গ্যাসমুক্ত না করেই জাহাজ কাটার কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাশাপাশি কারখানায় শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থাও খুবই দুর্বল ছিল বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









