সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র গোয়াইনঘাট উপজেলার জাফলং ব্রিজের অধিকাংশ ল্যাম্পপোস্ট দীর্ঘ দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে রাতের বেলা পুরো ব্রিজটি ঘন অন্ধকারে ডুবে থাকায় মারাত্মক ঝুঁকির মধ্যে চলাচল করছে পথচারী ও শত শত যানবাহন। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, চালক ও পর্যটকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলং ব্রিজে রাতে নিবিড় ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং পর্যটকদের সুরক্ষায় এই ল্যাম্পপোস্টগুলো স্থাপন করা হয়েছিল। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে লাইটগুলোর বেশিরভাগই অকেজো হয়ে রয়েছে। রাতের অন্ধকার নামতেই ব্রিজটি এক ভুতুড়ে এলাকায় পরিণত হয়। হেডলাইটের সামান্য আলোয় ঝুঁকি নিয়ে চলাচল করছে মোটরসাইকেল, অটোরিকশা, কার্গো ট্রাক ও অন্যান্য যানবাহন। অন্ধকার থাকার কারণে এখানে ছিনতাই ও চুরির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কাও দিন দিন বাড়ছে।
ব্রিজ দিয়ে নিয়মিত যাতায়াতকারী সিএনজি অটোরিকশা চালক রহিম উদ্দিন বলেন, রাতের বেলা ব্রিজে উঠলেই ভয় লাগে। লাইট একটাও জ্বলে না। দূর থেকে কোনো পথচারী হেঁটে আসলে হুট করে চেনা যায় না। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা দ্রুত এগুলো ঠিক করার দাবি জানাই।
জাফলংয়ের স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, জাফলং একটি পর্যটন এলাকা। এখানে রাতেও মানুষের আনাগোনা থাকে। সরকারের এত টাকা খরচ করে লাগানো লাইটগুলো নষ্ট হয়ে পড়ে আছে, অথচ দেখার কেউ নেই। একটি দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে, দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সচেতন হওয়া উচিত।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, জাফলং ব্রিজের ল্যাম্পপোস্টগুলো অকেজো থাকার বিষয়টি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে। দ্রুততম সময়ের মধ্যে কারিগরি ত্রুটি পরীক্ষা করে নষ্ট লাইটগুলো মেরামত অথবা নতুন লাইট স্থাপনের মাধ্যমে পুরো ব্রিজটি পুনরায় আলোকিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিরাপদ সড়ক ও জনগণের জানমালের সুরক্ষায় অতি দ্রুত জাফলং ব্রিজটিকে আলোয় ফেরাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন জাফলংয়ের সর্বস্তরের জনগণ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









