সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং রাজনৈতিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক জীবন ও দেশের জন্য অবদানের কথা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম দলীয় নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভায় অংশ নেওয়া বিএনপির অন্যান্য নেতারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতমের আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









