শেষ হয়ে গেছে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’—সামাজিক যোগাযোগমাধ্যমে গত এক মাস ধরে এমন গুঞ্জনই ঘুরছিল। নতুন পর্ব প্রচার বন্ধ থাকায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে এবার সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়েছে সনি ৮।
চ্যানেলটি জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব।
২০১৫ সালে সনি ৮-এ শুরু হয় অ্যানিমেশন সিরিজটির প্রচার। মজার গল্প, বুদ্ধিদীপ্ত কাণ্ডকারখানা ও হাস্যরসের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসছে গোপাল ভাঁড়। পাশাপাশি বিভিন্ন গল্পে উঠে আসে বুদ্ধিমত্তা, ন্যায়বোধ ও সামাজিক নানা বার্তাও।
সিরিজের প্রতিটি পর্বে গোপালকে দেখা যায় উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে রাজ্যের জটিল সমস্যার সমাধান করতে। কখনো ক্ষমতালোভী মন্ত্রীর ষড়যন্ত্র নস্যাৎ করে, আবার কখনো রাজা কৃষ্ণচন্দ্রকে কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ দেখায় সে।
গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর নতুন পর্বের প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় মৃত্যুশয্যায় থাকা গোপালের একটি দৃশ্য। পাশে কান্নায় ভেঙে পড়া স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যদের দেখা যায়। এরপরই সিরিজটি শেষ হয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
পরে জানা যায়, দৃশ্যটি নতুন কোনো পর্বের নয়, পুরোনো একটি পর্বের। অবশেষে নতুন পোস্টার প্রকাশ করে সনি ৮ জানিয়ে দিয়েছে, ‘গোপাল ভাঁড়’ শেষ হয়নি। বরং নতুন গল্প নিয়ে আবারও দর্শকদের সামনে ফিরছে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









