হাফেজ মো. ইমরান হুসাইনকে সভাপতি এবং হাফেজ মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের আশরাফিয়া মাদ্রাসা মিলনায়তনে দিনব্যাপী সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হক কাওসারী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রেদওয়ান মাযহারী। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদ বিন জাকির ও সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্য বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি আদর্শ ও সুশৃঙ্খল ছাত্র সংগঠন গড়ে তুলতে নেতাকর্মীদের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সম্মেলনে ছাত্রসমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা শেষে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









