পিরোজপুরের নেছারাবাদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত।
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আগমন ও উদ্বোধনী পর্ব শেষে উপজেলা পরিষদের প্রধান সড়কে ব্যানার-ফেস্টুনসহ একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা পরিষদ পুকুরে নির্বাচিত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
কর্মসূচির মধ্যে আরও রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষি ও শ্রেষ্ঠ উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ। আগামী তিন দিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালন করা হবে।
আলোচনা সভায় মৎস্য খাতের সম্ভাবনা, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন, “মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি পালন করা হচ্ছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, “মৎস্য খাত দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেছারাবাদে মৎস্য উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি চাষিদের আরও উৎসাহিত করা প্রয়োজন।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি, উদ্যোক্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









