সিলেটের গোয়াইনঘাটে পানের ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে তারেক আহমদ নামের এক যুবককে আটক করে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট থানার প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে থানার মূল ফটকের সামনে একটি পানের ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও ভ্যান চালকের পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে মারামারিতে লিপ্ত হয়।
সংঘর্ষে উপজেলার লেঙ্গুরা গ্রামের শামীম ও আরব আলী এবং পিরিজপুর গ্রামের আনিসুর রহমান গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, থানার ঠিক সামনে এমন ভয়াবহ মারামারির ঘটনায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার সামনে সংঘর্ষ শুরু হওয়া মাত্রই পুলিশ দ্রুত অ্যাকশনে গিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত রয়েছে। তবে বিকেল পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









