ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) উপজেলার ত্রিশাল ইউনিয়নের সতেরো পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন- সতেরো পাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) এবং তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শরীরের কাদা পরিষ্কার করার জন্য দুই চাচাতো ভাই বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে যায়। এরপর দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
একপর্যায়ে দুই শিশুর মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাইয়ুম জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমদ বলেন, ‘‘আমরা শুনেছি দুটি শিশু পুকুরের পানিতে পড়ে মারা গেছে। তবে এ ঘটনায় শিশু দুটির পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দাখিল করা হয়নি।’’
একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে সতেরো পাড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









