দেশের অর্থবছরের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে নয় মাসের একটি অন্তর্বর্তীকালীন অর্থবছর। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে এপ্রিল-মার্চ সময়কে নতুন অর্থবছর হিসেবে কার্যকর করা হবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বর্তমানে বাংলাদেশে অর্থবছর চলে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত। সরকারের মতে, এই সময়সূচির কারণে জুলাই-আগস্টে বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। এতে বৃষ্টির কারণে প্রকল্পের কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি কাজের মান ক্ষতিগ্রস্ত হয় এবং জনদুর্ভোগও বাড়ে।
নতুন সময়সূচি এপ্রিল-মার্চ করা হলে বর্ষা শুরুর আগেই অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ করার সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বা অন্তর্বর্তীকালীন অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছর জুলাই থেকে শুরু হয়ে নয় মাস পর, অর্থাৎ মার্চে শেষ হবে।
এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নতুন অর্থবছর হিসেবে সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে।
অর্থবছরের সময়সীমা পরিবর্তনের প্রক্রিয়া নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি কাজ করবে।
এ পরিবর্তনের জন্য বাংলাদেশের সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। পাশাপাশি অর্থবছর পরিবর্তনের সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যবস্থায়ও প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, এসব প্রস্তুতি সম্পন্ন করে ২০২৮-২৯ অর্থবছর থেকেই এপ্রিল-মার্চ ভিত্তিক নতুন অর্থবছর পুরোপুরি চালু করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









