বরগুনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দশম শ্রেণির শিক্ষার্থী জুঁই (১৫) এর মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ) সন্ধ্যা ৬টার দিকে তালতলি উপজেলার জয়ালভাঙা নলবুনিয়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র-সংলগ্ন পায়রা নদীর তীর থেকে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে।
নিহত জুঁই রাজধানীর মিরপুর এলাকার মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন ছুটিতে সে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।
রবিবার সকালে স্বজনদের সঙ্গে পাশের পায়রা নদীতে গোসল করতে নামে জুঁই। পরিবারের সদস্যদের ভাষ্য তার সাঁতার ভালো জানা ছিল না। গোসলের একপর্যায়ে জোয়ারের প্রবল স্রোতে সে নদীর গভীরে তলিয়ে যায়।
ঘটনার পরপরই বরগুনা ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও সদর থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন অংশে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় মরদেহটি ভেসে ওঠে। পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারবেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









