সুনামগঞ্জের ছাতকে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকাল ১১টার দিকে বাবনগাঁও গ্রামের একটি বসতঘরে ২০ মাস বয়সী শিশুটিকে নিয়ে যায় মরম আলী। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটির মা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে মরম আলী দ্রুত পালিয়ে যায়। পরে শিশুটিকে পরিবারের সদস্যরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। অবস্থার বিষয়টি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
শিশুটির বাবা তাজুল ইসলাম বাদী হয়ে ১৭ আগস্ট ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় (মামলা নম্বর-২৪) মামলা করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ছাতক থানার এসআই (নিরস্ত্র) মো. সালাউদ্দিন মোল্লা।
মামলা দায়েরের পর অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে সোমবার দিবাগত রাতে বাবনগাঁও গ্রামের নিজ বসতবাড়ি থেকে মরম আলীকে গ্রেপ্তার করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মরম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









