পুলিশের আচরণ পরিবর্তন, থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণে হয়রানি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নবাগত ডিআইজি বলেন, পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি। আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি। থানায় মামলা ও সাধারণ ডায়েরি গ্রহণে হয়রানির কোনো ঘটনা ঘটলে তা গুরুত্ব সহকারে দেখা হবে।
তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল অপরাধ সম্পর্কে সচেতনতা বাড়াতে স্কুলভিত্তিক কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি বরিশাল বিভাগের ছয় জেলায় ডাকাতি ও দস্যুতার ঘটনা মোকাবিলায় একটি বিশেষ সেল গঠন করা হবে।
মো. জুলফিকার আলী হায়দার আরো বলেন, বরিশাল রেঞ্জ ডিআইজির মিডিয়া উইংয়ের পাশাপাশি বিভাগের ছয় জেলায় মিডিয়া উইং চালু করা হবে। একজন ভোকাল পার্সনও থাকবেন, যিনি তাৎক্ষণিক তথ্য দিয়ে গণমাধ্যমকে সহযোগিতা করবেন।
সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, অতিরিক্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল-মামুনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









