বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) বলেছেন, ‘‘চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার প্রতিটি ইউনিয়ন থেকে মাদক নির্মূল করা হবে। শুধু চুনোপুটি ধরে কোন লাভ নেই, মাদক চেইনের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।’’
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এসব কথা বলেন।
ডিআইজি বলেন, ‘‘বহু বছর পর একটা গণতান্ত্রিক সরকার আসার মধ্য দিয়ে আমরা মুক্ত আবহে মুক্ত আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছি। এখন যদি আমরা মানুষকে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দিতে না পারি, আর কখন? এখনই সময় আমাদের সন্তানদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। দেশকে মাদক নির্মূল করা গেলে ইভটিজিং কিশোর গ্যাং, ছিনতাইসহ সমাজের অন্যান্য অপরাধও কমে যাবে।’’
পুলিশ সুপার মো. আবু তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক অ্যাড. হাসিবুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক এ আর হাফিজ উল্যা, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রফিক উল্লাহ, টুমচর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. হারুন আল মাদানী, প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর মুশতাক আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাও. জহিরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি সার্জেন (অব) মো. সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় জেলা পুলিশের উদ্বোধন কর্মকর্তাবৃন্দ, লক্ষ্মীপুরের ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের দায়িত্বশীল, নাগরিক সমাজ, সুশীল সমাজ, ক্রিড়া ব্যক্তিত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন। শেষে সকলের উপস্থিতিতে মাদক বিরোধী সচেতনতা মূলক একটি সচেতনতা মূলক র্যালি অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









