দেশব্যাপী শিশুদের ইংরেজি বানান দক্ষতা ও শব্দভান্ডার বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত ‘শাহিন এডুকেশন ফ্যামিলি-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬' -এর প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় সারাদেশের ৩৪টি জেলার ৪০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর অংশ হিসেবে কুষ্টিয়া জিলা স্কুল কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও সকাল ৯টা থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের সমাগমে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। কুষ্টিয়া কেন্দ্রে চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৪০১ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষাকক্ষে প্রবেশের মুখে সুসজ্জিত তোরণ, আকর্ষণীয় মাঠসজ্জা এবং ফটো পয়েন্ট তৈরি করা হয়, যেখানে শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ফ্রেমবন্দী করে। কুষ্টিয়া শাহিন ক্যাডেট স্কুল শাখার পরিচালক ও কেন্দ্র প্রধান মোঃ উজ্জলের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। পরীক্ষা চলাকালীন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ মিজানুর রহমান ও কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সরকারি অধ্যাপক রাইসুল ইসলাম কেন্দ্র পরিদর্শন করে আয়োজনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে, চ্যানেল আই-এর মিডিয়া পার্টনারশিপ এবং দৈনিক যুগান্তরের প্রিন্ট মিডিয়া পার্টনারশিপে আয়োজিত এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে ২২ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এই পরীক্ষায় অংশগ্রহণ করে আমরা আনন্দিত এবং উচ্ছস্বিত। ভয় ভীতি ভেঙ্গে গেছে। আগামীতে এমন ধরনের মজাদায়ক পরীক্ষায় অংশগ্রহণ করব।
অপরদিকে অভিভাবকরা জানান, আমাদের বাচ্চারা পরীক্ষায় অংশগ্রহণ করে তারা খুবই আনন্দিত। পরীক্ষায় অংশ নিয়ে বাচ্চাদের মেধার বিকাশ ঘটেছে। তাদের এই মেধাবিকাশ সহযোগী হিসেবে কাজ করবে। বাচ্চাদের জয়পরাজয় কোন বিষয় না। পরীক্ষায় অংশ নিতে পারাটাই তাদের জন্য আনন্দের। এধরনের আয়োজন মেধা বিকাশের জন্য কার্যকরি ভূমিকা রাখবে। আমরা আয়োজকদের স্বাগত জানাই।
কুষ্টিয়া শাহীন ক্যাডেট স্কুল শাখা পরিচালক ও কেন্দ্র প্রধান মোঃ উজ্জল জানান, ৫০ নম্বরের এই বাছাই পরীক্ষার ফলাফল আজকেই প্রকাশ করা হবে। বিজয়ী শিক্ষার্থীদের জন্য থাকবে ক্রেস্ট ও সনদপত্র।
পরবর্তী বিভাগীয় রাউন্ডে সারাদেশে নির্বাচিত ৫০০ জন পরীক্ষার্থী অংশ নেবে। সেখান থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সেরা ১০০ জনকে নির্বাচন করা হবে, যাদেরকে নিয়ে চ্যানেল আই-এর পর্দায় অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা।
প্রতিযোগিতার শীর্ষ ১০ জন বিজয়ী পাবেন ল্যাপটপসহ নগদ অর্থ পুরস্কার, যার মধ্যে প্রথম পুরস্কার ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ, তৃতীয় ১ লাখ এবং পরবর্তী দুজনের জন্য ৫০ হাজার টাকা করে। আয়োজকরা জানান, শিশুদের ইংরেজিভীতি দূর করে আত্মবিশ্বাসী করে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









