গোপালগঞ্জে গাঁজা সেবন ও গাঁজা গাছ চাষের অভিযোগে মো. ইমামুল হক সিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২০ আগস্ট) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা তেতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের একটি বাগান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, ইমামুল দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করতেন। প্রায় পাঁচ মাস আগে তিনি বাড়ির ছাদে টবের মধ্যে ১০টি গাঁজা গাছ লাগান। পরে গাছগুলো কিছুটা বড় হলে সেগুলো সরিয়ে লোকচক্ষুর আড়ালে বাড়ির পাশের একটি বাগানে রোপণ করে বড় করছিলেন।
পুলিশ বলছে, ইমামুল নিজে সেবন অথবা বিক্রির উদ্দেশ্যে গাঁজা গাছ রোপণ করে থাকতে পারেন। তবে ঠিক কী উদ্দেশ্যে তিনি গাঁজা গাছ চাষ করছিলেন, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় উদ্ধার হওয়া দুটি গাঁজা গাছ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









