সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ীর গোডাউনের তালা ভেঙে প্রায় ৫ লাখ ৯০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী আবদুস সাত্তার ছাতক থানায় লিখিত অভিযোগ করেছেন।
চোররা গোডাউন থেকে ৫ ও ৭ হর্স পাওয়ারের ছয়টি মোটর, ৯৫০ ফুট বৈদ্যুতিক তার, ৩০০ লিটার ডিজেল, বিভিন্ন পুলি, জেনারেটরের তার, ওয়েল্ডিং রডসহ যন্ত্রাংশ ও লোহার মালামাল নিয়ে যায়। ঘটনাস্থলটি ছাতক থানা থেকে মাত্র ২০০ গজ দূরে বলে জানা গেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









