দেশব্যাপী চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের মধ্যেই গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় অবস্থিত ৭১ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ারের সবকটি বাতি দিনেও জ্বালিয়ে রাখার অভিযোগ উঠেছে। দিনের আলোয় উচ্চক্ষমতাসম্পন্ন এসব বাতি সচল থাকায় একদিকে যেমন বিদ্যুতের অপচয় হচ্ছে, অন্যদিকে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও নজরদারি নিয়ে।
সরেজমিন দেখা যায়, সকালের সূর্যের আলোয় চারপাশ পরিপূর্ণ ও স্পষ্ট থাকা সত্ত্বেও ওয়াচ টাওয়ারের চারপাশে স্থাপন করা ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন বাতিই জ্বলছিল।
স্থানীয়দের অভিযোগ, রাতে শহরের সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তার জন্য টাওয়ারটিতে এই বাতিগুলো জ্বালানো হলেও দিনের বেলা তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকার কথা। কিন্তু সফটওয়্যারভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় কিংবা কর্তৃপক্ষের উদাসীনতায় দিনের আলোতেও এগুলো জ্বলতে থাকে। বর্তমান সময়ে যখন জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, তখন দিনের বেলায় এভাবে বাতি জ্বালিয়ে রাখা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বহীনতার পরিচায়ক।
এ বিষয়ে গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম জানান, টাওয়ারের বাতিগুলো মূলত সফটওয়্যারের মাধ্যমে টাইমার দিয়ে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় এবং সূর্যের আলো ফোটার সাথেই তা নিভে যাওয়ার কথা। তবে কেন বাতিগুলো সময়মতো বন্ধ হয়নি বা সফটওয়্যারে কোনো ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রযুক্তিগত ত্রুটি থাকতেই পারে, কিন্তু তা দ্রুত শনাক্ত করে সমাধান করা এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









