ময়মনসিংহে ২৫০ জন প্রতিবন্ধীর মাঝে সুবর্ণ কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এই কার্ডের মাধ্যমে আবেদন করে প্রতিমাসে এক হাজার টাকা করে সরকারি ভাতা পাবে প্রতিবন্ধীরা।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলা হলরুমে সমাজসেবা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই সুবর্ণ কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি ওয়াহাব আকন্দ বলেন, ‘‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের প্রতিবন্ধীদের জন্য সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছেন। এর মাধ্যমে প্রতিবন্ধীরা এখন আর পরিবার বা সমাজের বোঝা হবে না, তাদের জন্য বছরে ১২ হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’’
এ সময় প্রধানমন্ত্রীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জন্য নানা উদ্যোগের বার্তা দিয়ে এমপি ওয়াহাব আকন্দ আরও বলেন, ‘‘ইতোমধ্যে দেশজুড়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ডসহ প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে। যা এখন দৃশ্যমান, অচিরেই এসব কার্ডের মাধ্যমে সারাদেশের উপকারভোগীরা সুফল ভোগ করবে।’’
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজু আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।
ইউএনও জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিবন্ধী ভাতার আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। সুবর্ণ কার্ড প্রাপ্তরা নিয়ম মেনে আবেদন করলেই প্রতি মাসে পাবে এক হাজার টাকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









