সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির জৈন্তাপুর উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার দরবস্ত মা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দশ্যে বক্তারা বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান হাতিয়ার। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।
বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তারা আরও বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই অর্জন তাদের জীবনের নতুন পথচলার সূচনা। ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনের মাধ্যমে তারা পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করবে।
জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মহিউদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলার সাবেক সভাপতি ও কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের সাবেক সিলেট জেলা সভাপতি নাজমুল হাসান শিকদার, জেলা সেক্রেটারী আহবাব হোসেন মুরাদ, জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল খালিক, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আব্দুল্লাহ আল মাসুম, জৈন্তাপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আব্দুল বাছিত প্রমুখ।
পরে অতিথিবৃন্দ প্রায় দেড়শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাত্র শিবিরের পক্ষ থেকে মেধা স্মারক ও সম্মাননা পত্র তুলে দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









