কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষা ২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে স্কুল অডিটোরিয়ামে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিফাত ই মরিয়ম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং বিদ্যালয়ের সহ-সভাপতি মো. মিজানুর রহমান, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আখতার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মৃণাল কান্তি। এরপর, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আফিন এবং আরাবি রহমান খান।
প্রধান অতিথি বলেন, ‘‘শিক্ষার্থীদের মানবিক গুণাবলি বিকাশে পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির চর্চা অপরিহার্য। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ জাগিয়ে তুলবে এবং কৃতী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে। আমরা বিশ্বাস করি, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের মনে মানবিকতা ও মূল্যবোধের বীজ বপন করতে সহায়ক হবে।’’
তিনি আরও বলেন, ‘‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের কৃত শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার কারিগর। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তাদের আহ্বান জানাই।’’
অনুষ্ঠানে বই পড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং এসএসসি পরীক্ষা ২০২৬-এর ৪৬ জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা পদক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









