ঠাকুরগাঁওয়ে জুয়া বা কেসিনো নেই — এমন ধারণাকে ভুল প্রমাণ করে কথিত ‘কেসিনো সম্রাট’ মো. নূর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত নূর আলম (৩৬) ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া, শিলুলতলা এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় নূর আলমের ব্যবহৃত মোবাইল ফোনে কেসিনো সংক্রান্ত ২০টি অ্যাপ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় তার অনলাইন কেসিনো কার্যক্রম বিস্তৃত থাকার তথ্য পাওয়া গেছে।
ঠাকুরগাঁও জেলা ডিবির ওসি জানান, নূর আলমের বিরুদ্ধে আগে থেকেই রংপুর মেট্রোপলিটন থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে। সাম্প্রতিক এই ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে তার কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে তিনি তরুণদের জুয়ায় আসক্ত করছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









