কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের বারে কথা কাটাকাটির জেরে নাজিবুল হক রাশেদ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোলাইমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের রেনেসাঁ হোটেলের দোতলায় অবস্থিত বারে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও বার কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার রাতে রাশেদসহ কয়েকজন যুবক রেনেসাঁ হোটেলের বারে বসে মদ পান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বিরোধ তীব্র হলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, “হাতাহাতির ঘটনায় বাইরে থেকে দুজনকে ডেকে আনা হয়। তাদের একজন ছিলেন রাশেদ। পরে বারে থাকা লোকজনের সঙ্গে তাদেরও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রাশেদের ওপর হামলা চালানো হয়। তাকে পেট ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়।”
তিনি বলেন, “ঘটনার পর বারের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। একই সঙ্গে বারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”
পুলিশ জানায়, আলামত সংগ্রহ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বারটি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে বারের নিরাপত্তাব্যবস্থা ও প্রবেশ নিয়ন্ত্রণ নিয়েও তদন্ত করা হচ্ছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান , রেনেসাঁ হোটেলের বারে অনুমোদনহীন ব্যক্তিদের কাছেও মদ বিক্রি করা হচ্ছিল। এ বিষয়টিও তদন্তের আওতায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “ঘটনার পর রাতেই সোলাইমান নামে একজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং বারে কর্মরত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









