পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার পানি সরবরাহের অনিয়ম, দুর্গন্ধ ও কর্দমাক্ত পানির সমস্যা নিয়ে দৈনিক এদিনে সংবাদ প্রকাশ হলেই সরেজমিনে পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বী।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় পানির পাইপে ছিদ্রসহ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়।
পরিদর্শনকালে ইউএনও পৌর বাসিন্দা ও পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং পানি সরবরাহের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে ছিদ্রযুক্ত পাইপ মেরামত, পানির মান নিশ্চিত করা এবং নিয়মিত পানি সরবরাহের ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওসার, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবির, সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌরবাসীর দীর্ঘদিনের পানি সংকট ও ভোগান্তি নিয়ে দৈনিক এদিনে সংবাদ প্রকাশের পর প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার সংকট অনেকটাই কমে আসবে।
তা ছাড়া ৫৩ কোটি টাকার প্রকল্পের দুর্নীতি অনুসন্ধান করে দোষীদের ব্যবস্থার আওতায় নিয়ে আসার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বী বলেন, বিগত বছরগুলোতে কী হয়েছে, সেটা চিন্তা না করে আমরা নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। গ্রাহকেরা যেন তাদের প্রয়োজন অনুযায়ী পানি পান, সে বিষয়টি নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে সরেজমিনে পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করেছি। প্রকৌশলীকে প্রয়োজনীয় এস্টিমেট করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে আমরা কাজ করব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









