নেপালে ভয়াবহ বন্যায় ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণী নদী থেকে মরদেহটি উদ্ধারের সময় দুল চুরির ঘটনা ঘটে। পরে ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।
পুলিশ ভিডিওটি পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে এবং পরে তাদের গ্রেপ্তার করে। নেপালের সংবাদমাধ্যম খবরহাব পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি কাঠের পাটাতন ও মরদেহের চুল ধরে পানির মধ্য থেকে ওই নারীর মরদেহ টেনে তুলছেন। একপর্যায়ে দুই ব্যক্তি মরদেহটির দুই কান থেকে দুল খুলে পাশে রেখে দেন। আশপাশে থাকা কয়েকজন এ সময় ঘটনাটি মুঠোফোনে ভিডিও ধারণ করেন।
চিতওয়ান পুলিশ জানিয়েছে, তদন্তে তারা নিশ্চিত হয় যে, ভয়াবহ বন্যার পানিতে ভেসে নারায়ণী নদীতে চলে যাওয়া একটি মরদেহ উদ্ধারের সময়ই ঘটনাটি ঘটে।
ভিডিও বিশ্লেষণের মাধ্যমে পুলিশ ২৫ বছর বয়সী মাদান গুরুঙ ও ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরীকে শনাক্ত করে। বৃহস্পতিবার চিতওয়ান জেলার ভরতপুর মহানগরীর-১ এলাকার পোখারা বাস পার্কের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলেছে, দুর্যোগের মতো সংকটময় সময়ে বন্যার্ত মানুষের সম্পদ লুট বা ভুক্তভোগীদের লক্ষ্য করে যেকোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল
নেপালে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যেই এ ঘটনা ঘটেছে। নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ৩৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ। বন্যার পানিতে পুরোপুরি ভেসে গেছে বেশ কয়েকটি গ্রাম।
এদিকে তিব্বতের গিরং বন্দর এলাকায় বুধবার ভয়াবহ কাদাধসের ঘটনা ঘটে। এতে সীমান্তের একটি বহুতল ভবন ও বাস পার্কিং এলাকা মাটির নিচে চাপা পড়ে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ওই এলাকায় প্রায় দেড় মিটার বা পাঁচ ফুট গভীর কাদা জমেছে।
এ ছাড়া গিরং বন্দরের দিকে যাওয়ার সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সেখানে নতুন করে কাদাধস ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









