ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর গুলি করে হত্যা করা হয়েছে হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চার অস্ত্রধারী তাকে অনুসরণ করে হামলা চালায়। প্রায় ২৫ সেকেন্ড ধরে চলে গুলিবর্ষণ।
৩৫ বছর বয়সী অঙ্কিত বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় জিম থেকে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন। গাড়িতে ওঠার আগেই হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ জানিয়েছে, হামলায় মোট ১২টি গুলি ছোড়া হয়। গুরুতর আহত অঙ্কিতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
অঙ্কিত হরিয়ানভি সংগীতাঙ্গনে পরিচিত ছিলেন। ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল ৩ লাখ ৬৮ হাজারের বেশি। তার অনেক গানের ভিডিওতে বন্দুক, সংঘর্ষ ও সহিংসতার বিষয় ওঠে এসেছে।
মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন অঙ্কিত। সেখানে একটি হরিয়ানভি গান গাইতে দেখা যায় তাকে, যার একটি লাইনের অর্থ ছিল—‘রাস্তায় হত্যা করো’। মৃত্যুর পর পোস্টটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এদিকে অঙ্কিত হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে গোগি গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তারা অঙ্কিতের সঙ্গে প্রতিদ্বন্দ্বী পক্ষের যোগাযোগের অভিযোগ তোলে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অঙ্কিতের বাবার অভিযোগের ভিত্তিতে চার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









