বরিশালের বাকেরগঞ্জের নাগরিকদের জন্য একটি স্বাস্থ্যকর ও সুন্দর পৌরসভা উপহার দেওয়ার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক প্রতিনিধির যৌথ উদ্যোগে ঝোপঝাড় ও আবর্জনা মুক্ত করা হলো শহরের সড়কগুলো। এতে স্থানীয় বিএনপি নেতার সামাজিক উদ্যোগে অংশ নেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
পৌরসভাকে পরিচ্ছন্ন ও নান্দনিক রাখতে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম দীর্ঘদিন ধরেই নিয়মিত ঝোপঝাড় ও ড্রেনের আবর্জনা পরিষ্কারের কাজ পরিচালনা করে আসছেন। প্রতি সপ্তাহের মতো শুক্রবার সকাল সাড়ে ৯টায় যখন এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়, ঠিক তখন সেখানে উপস্থিত হন পৌর প্রশাসক ও ইউএনও মিল্টন চন্দ্র পাল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনিক প্রধান মিল্টন চন্দ্র পাল ও বিএনপি নেতা ওবায়দুল ইসলাম নিজেরাই রাস্তার পাশের ঝোপঝাড় ও আগাছা কাটায় অংশ নেন। প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা ও রাজনৈতিক প্রতিনিধিকে এভাবে কাজ করতে দেখে এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও স্বতঃস্ফূর্তভাবে তাদের সঙ্গে কাজে হাত মেলান। এতে পুরো এলাকার প্রধান প্রধান রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার হয়ে সড়কগুলোতে চলাচল অনেকটাই ঝুঁকিমুক্ত হয়।
সামাজিক এ উদ্যোগের বিষয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জানান, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেন পরিষ্কার রাখা আমার নিয়মিত কার্যক্রমের অংশ। প্রতি সপ্তাহের মতো আজ সকালে কাজ শুরু করার পর আমাদের ইউএনও নিজে এসে অভিযানে যোগ দেন। এতে আমাদের কাজের উৎসাহ বহু গুণে বেড়ে গেছে। শহরকে পরিষ্কার রাখতে এবং জনগণের সুবিধার্থে এ ধরনের জনকল্যাণমূলক কাজে আমরা সর্বদা রাজপথে থাকব।
অন্যদিকে নাগরিক সচেতনতার ওপর জোর দিয়ে পৌর প্রশাসক ও ইউএনও মিল্টন চন্দ্র পাল বলেন, ‘‘একটি পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে শুধু সরকারি পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর করলে চলবে না, এটি আমাদের প্রত্যেকেরই সামাজিক দায়িত্ব। নাগরিকরা নিজেরা সচেতন হয়ে এভাবে এগিয়ে এলে অতি দ্রুত একটি আধুনিক ও সুন্দর শহর গড়ে তোলা সম্ভব। পরিচ্ছন্ন বাকেরগঞ্জ গড়তে এ ধরনের সামাজিক ও ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।’’
উল্লেখ্য, বাকেরগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিক সেবা দ্রুতকরণ ও সৌন্দর্য বর্ধনে দৃশ্যমান নানা পদক্ষেপ বাস্তবায়ন করছেন ইউএনও মিল্টন চন্দ্র পাল। জনকল্যাণে রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের এই অভূতপূর্ব সমন্বয় স্থানীয় সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









