‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ফরিদপুর শহরের জসীম উদ্দীন হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা শাখার সভাপতি এস,এম, আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ফরিদপুর অঞ্চল পরিচালক মুহা: আজহারুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, অঞ্চল সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এস এম শাহজাহান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জনাব মো. আকতারুজ্জামান, ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরউদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি শামীম আতাহার।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
কর্মী সমাবেশ বক্তরা আরও বলেন, বিভিন্ন সময়ে শ্রমজীবী মানুষকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হলেও তাদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী শ্রমনীতি বাস্তবায়ন জরুরি।বক্তারা আরও বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে হবে।
আমরা যে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি আশা করি, যদি আমরা জামাতি ইসলামীতে রাষ্ট্রক্ষমতা আনতে পারি শ্রমিকের সমর্থনের মধ্য দিয়ে, তাহলেই বাংলাদেশে ইনসাফ কায়েম হবে, ইসলামী সম্প্রীতি হবে তার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান করতে পারব। এ লক্ষ্যে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









