ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বালিপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষ ও ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় সিএনজির চালকসহ চারজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে আহত ফয়জুল (৩৪) ও রুবেলকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ছাড়া আহত অপর দুই জন—হৃদয় (২২) ও নাবিল (২২)—উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, নিহতের মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা ঘটিয়ে পালানোর সময় ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে এবং চালককে শনাক্ত ও আটকের আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









