রাজশাহীর বাগমারায় মারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে এক গ্রাম পুলিশ সদস্যকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও চেয়ারম্যানের অব্যাহতির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা।
রবিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাগমারা থানার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্য মেছের আলী বলেন, তিনি মারিয়া ইউনিয়ন পরিষদে প্রায় ২৭ বছর ধরে চাকরি করছেন। ২১ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম তাকে মুঠোফোনে কল করেন। মোবাইল ফোন ও নেটওয়ার্ক সমস্যার কারণে কলটি ধরতে পারেননি তিনি। পরে ইউনিয়ন পরিষদে গেলে চেয়ারম্যান ফোন বন্ধ রাখার কারণ জানতে চান। নেটওয়ার্ক সমস্যার কথা জানালেও তার বক্তব্য না শুনে তাকে থাপ্পড় মারা হয় বলে অভিযোগ করেন মেছের আলী।
তিনি আরও বলেন, ঘটনার পর ইউনিয়ন পরিষদের সদস্যরা মীমাংসার আশ্বাস দিলেও প্রায় এক মাসে কোনো সমাধান হয়নি। পরে তিনি সুবিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাগমারা গ্রাম পুলিশের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ গ্রাম পুলিশ সদস্য আসলাম উদ্দিন, আসাদুজ্জামান, মোতালেব, আব্দুস সালাম, জালাল উদ্দিন, মোস্তাক আহমেদ, ফরিদ উদ্দিন ও আলা বক্স।
বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীর ন্যায়বিচার এবং অভিযুক্ত চেয়ারম্যানের অব্যাহতি দাবি করেন। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ থেকে দুস্থদের জন্য বরাদ্দ করা কিছু চাল হারিয়ে যায়। এ বিষয়ে মেছের আলীর কাছে জানতে চাইলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তবে তাকে মারধর করা হয়নি বলে দাবি করেন তিনি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে ডাকা হয়েছে। দুই পক্ষের বক্তব্য শুনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









