বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায় বোর্ড। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে।
দায়িত্ব হারানোর পর আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আশরাফুল। তিনি জানান, গতকালই বিষয়টি জানতে পেরেছেন। আশরাফুল বলেন, ‘‘গতকালই জানলাম। মাগরিবের পর শুনলাম জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরের তিন মাস যখন কোনো অ্যাসাইনমেন্ট থাকবে, তখন জানানো হবে।’’
তবে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় নিজের প্রতি কোনো অবিচার করা হয়নি বলে মনে করেন আশরাফুল। তার ভাষ্য, ‘‘আমার সঙ্গে অবিচার করা হয়নি। বিসিবি নিয়ম অনুযায়ী আমাকে সরিয়ে দিয়েছে। প্রয়োজন হলে বিসিবি আমাকে ভিন্ন জায়গায় কাজে লাগাবে।’’
কোচদের চুক্তির ধরন ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘‘আমরা যারা কোচ হিসেবে থাকি, তাদের চুক্তিটা এভাবেই হয় যে, ক্রিকেট বোর্ড চাইলে আমাদের অন্য কোথাও কাজ করাতে পারবে। এটা তাদের এখতিয়ারভুক্ত।’’
জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে আশরাফুল জানান, ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে তিনি দায়িত্ব শুরু করেন। সে সময় থেকেই টেস্ট দলকে সবচেয়ে গোছানো ও অভিজ্ঞ দল হিসেবে বিবেচনা করতেন তিনি।
নিজের দায়িত্বকালে টেস্ট দলের পারফরম্যান্স তুলে ধরে আশরাফুল বলেন, ‘‘ফলও যদি দেখেন, আমি ঢোকার পরে, আলহামদুলিল্লাহ ৮ টেস্টে ৫ জয়। সেই সঙ্গে একটি ড্র। ব্যাটারদের গড়ও ৫০-৫২ কিংবা ৪৫-এর মতো। ব্যাটাররা সবাই ভালো করছেন। ৮ টেস্টে ৯ সেঞ্চুরি, ২২-২৩ ফিফটি। আর ১০০ রানের জুটি প্রায়ই হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









