‘মাদককে না বলুন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি—চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ স্লোগানে কিশোরগঞ্জের বাজিতপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার পিরিজপুর ইউনিয়নের উজানচর বাসস্ট্যান্ড চত্বরে উজানচর সমাজকল্যাণ সংঘের আয়োজনে এবং ঐক্যবদ্ধ পিরোজপুরের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটন, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ও কটিয়াদী বাজারের ব্যবসায়ী মাসুদুল ইসলাম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এর বিস্তার ঘটছে, যা তরুণ প্রজন্মকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। মাদক নির্মূলে প্রশাসনকে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত এলাকা গঠন ও যুবসমাজকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









