লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে আহত হয়েছেন তিন বাংলাদেশি। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে প্রথমে বাঘের আক্রমণের শিকার হন শরিফা বেগম নামে এক নারী। তাকে বাঁচাতে এগিয়ে গেলে আফসার উদ্দিন ও নজরুল ইসলামও বাঘের আক্রমণে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত তিনজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আল মামুন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাঘ আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকে সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।
লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ আমঝোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তিনজনকে আহত করেছে। বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে জানানো হয়েছে।
তবে বাঘটি বর্তমানে কোথায় রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









