গাজীপুরের শ্রীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, অভিনয়, রচনা, হামদ-নাত ও ইসলামি সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, কবি ও লেখক অধ্যাপক সেলিম মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার প্রসঙ্গ তুলে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘বল বীর—বল উন্নত মম শির’—এটি একটি সাহসী ও বিদ্রোহী কবিতা। এ কবিতা মানুষকে জাগ্রত করে। ব্রিটিশবিরোধী আন্দোলনে মানুষকে জাগিয়ে তুলতে কাজী নজরুল ইসলাম এ ধরনের কবিতা লিখেছিলেন। তাঁর কবিতা মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি ছিলেন সাম্যের কবি।
তিনি আরও বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম আজও মানুষকে অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা দেয়। নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









