বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলোচনা সভা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আনন্দ র্যালিসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
পরে নেতাকর্মীরা শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে সমবেত হন। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মাদারীপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।
মাদারীপুর জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘‘তারেক রহমান বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনের যে কার্যক্রম এগিয়ে যাচ্ছে, তা বাধাগ্রস্ত করার কোনো অপচেষ্টাই সফল হবে না।’’
তিনি আরও বলেন, “তারেক রহমানের কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি দল নির্বাচনে পরাজিত হয়ে রাজপথে পাগলের প্রলাপ বকছে। কিন্তু মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালিয়ে তারেক রহমানকে ছোট করা যাবে না।’’
সংসদ সদস্য বলেন, “তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত এবং দেশের মানুষের ভালোবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন। জনগণের ভালোবাসা ও ভোটের ম্যান্ডেট নিয়ে তিনি দেশের দায়িত্ব পালন করছেন। যারা তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, জনগণ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করছে।’’
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভালো কাজের সঙ্গে থাকুন, তারেক রহমানের উন্নয়নের সঙ্গে থাকুন। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সহযোগিতা করুন। তাহলে বাংলাদেশের উন্নতি হবে এবং ভবিষ্যতে মানুষের কাছে যেতে পারবেন।’’
তিনি আরও বলেন, “সরকারের ভালো কাজের বিরোধিতা করে রাজনৈতিকভাবে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হলে শেষ পর্যন্ত জনগণের প্রতিরোধের মুখে পড়তে হবে। রাজনীতি হতে হবে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য।’’
বক্তব্যে দেশের অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে এমপি খোকন তালুকদার বলেন, ‘‘দেশে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। দীর্ঘ সময়ে দেশের লাখো মানুষ নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি নিহত ও নির্যাতিত মানুষের আত্মত্যাগকে স্মরণ করে একটি ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক ও টেকসই রাষ্ট্র নির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে।’’
তিনি বলেন, ‘‘বিএনপি একটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের উন্নয়নে বিএনপির নেতাকর্মীরা অতীতে যেমন ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তেমনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’’
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক সদস্য গাউছ-উর রহমান, জেলা বিএনপির সাবেক যুব-বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, মাদারীপুর পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান খান কিচলু, জেলা কৃষকদলের আহ্বায়ক ওলিউর রহমান দর্জি, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য-সচিব কামরুল হাসানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দেশের রাজনীতিতে দলটির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









