সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলে ৮৮ লাখ ৬৫ হাজার ৬০৮ টাকা পাওয়া গেছে। এ ছাড়া পাওয়া গেছে স্বর্ণ, রুপা ও ১৮ ধরনের বৈদেশিক মুদ্রা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে গণনা শুরু হয়। সন্ধ্যা ৬টায় গণনা শেষে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাইনউদ্দিন। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, মাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
গণনায় পাওয়া গেছে ১ ভরি সাড়ে ৮ আনা স্বর্ণ ও ৩ ভরি ১৩ আনা রুপা। বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ২৯ মার্কিন ডলার, ১৪ ব্রিটিশ পাউন্ড, ৭ হাজার ৪৩৪ ভারতীয় রুপি, ৫০ রুশ রুবল, ৫০০ শ্রীলঙ্কান রুপি, ১০০ পাকিস্তানি রুপি, ৫৫ নেপালি রুপি, ৯৩ সৌদি রিয়াল ও পয়সা, ২০ থাই বাত, ১১ মালয়েশীয় রিঙ্গিত, ১ হাজার ৩৫০ দশমিক ৫০ ওমানি বাইসা, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ১৫ মালদ্বীপের রুপি, ১৭ কাতারি রিয়াল ও পয়সা, ৭ ইউরো ৩৩ সেন্ট, ১০০ বাহরাইনি পয়সা, ১০ হংকং ডলার ও ১ ব্রুনাই ডলার।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আপাতত মাসে একবার দানবাক্স ও ডেগের অর্থ গণনা করা হবে। পরে ম্যানেজার ও কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হলে প্রতিদিন গণনার কাজ শেষ করা সম্ভব হবে।
এর আগে চার দফায় দানবাক্স ও ডেগের অর্থ গণনা করা হয়। ২২ জুন প্রথম দফায় পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। জেলা প্রশাসনের তহবিল থেকে পাঁচ লাখ টাকার চেক যুক্ত হওয়ায় মোট দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। ১১ জুলাই দ্বিতীয় দফায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা, ১৫ আগস্ট তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং ১৯ সেপ্টেম্বর চতুর্থ দফায় ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া যায়।
চতুর্থ দফার গণনা শেষে চার দফায় মোট অর্থের পরিমাণ ছিল ২ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









