সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে ঘোষিত অর্ধদিবসের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির তেমন প্রভাব পড়েনি রাঙামাটিতে।
শনিবার (২৪ অক্টোবর) দূরপাল্লার বাস ও কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক।
অবরোধ ঘিরে সকাল থেকে রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

বাস কাউন্টারগুলোতে স্বাভাবিকভাবে টিকিট বিক্রি হয় এবং নির্ধারিত গন্তব্যে ছেড়ে যায় দূরপাল্লার বাস। একইভাবে কাপ্তাই হ্রদে যাত্রী ও পণ্যবাহী লঞ্চ চলাচলও স্বাভাবিক ছিল। ফলে সড়ক ও নৌপথে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়নি।
সাজেকের ঘটনায় অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবসের সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির আওতায় দুই জেলায় যান ও নৌযান চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হলেও রাঙামাটিতে পরিস্থিতি ছিল অনেকটাই স্বাভাবিক।
অবরোধ ঘিরে পাহাড়ি জনপদে উত্তেজনা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









