মুষলধারে বৃষ্টিও থামাতে পারেনি নেতাকর্মীদের উচ্ছ্বাস। বৃষ্টিতে ভিজেই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন ময়মনসিংহের ত্রিশালের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। বৃষ্টিতে ভিজে বিপুলসংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএনবি মাঠে গিয়ে শেষ হয়।
পরে সন্ধ্যায় সিএনবি মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, মনজুরুল ওয়াহেদ নিক্সন, আনিসুজ্জামান মৃধা, জিয়াউল হক জামিল, আব্দুল মতিন, আব্দুল আউয়াল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন ও যুবদল নেতা মাজহারুল ইসলাম জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন।
পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









