বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকালে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। বিকেলে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান এবং জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাঙামাটি শহরে বর্ণাঢ্য র্যালি বের করে জেলা বিএনপি। রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়ক।
দিনব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাঙামাটি জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সমাবেশ ও র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









