দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মামুনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের আদেশ দেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নৈতিকতা ও শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার কারণে মেহেদী হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মঠবাড়িয়া পৌরসভা ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কারের বিষয়ে মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া এবং শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ ওঠায় সাংগঠনিক তদন্ত ও পর্যালোচনার ভিত্তিতে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের সুনাম ক্ষুণ্ন করে কেউ এমন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে পার পাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
তবে এ বিষয়ে বহিষ্কৃত নেতা মো. মেহেদী হাসান মামুনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









