জামালপুর সদর উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তিপ্রাপ্ত ৩৭০ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









