প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির দুই হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে এসব গাছের চারা নিজ হাতে রোপণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
সকাল সাড়ে ১১টায় দিকে উপজেলার চর একরিয়া ইউনিয়নের দাদপুর খেলার মাঠ থেকে এই বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা হয়। পরবর্তীতে উত্তর উলানিয়ার লক্ষ্মীপুর এলাকার নতুন রাস্তা, ৫ নম্বর সদর ইউনিয়নের বাজিত খাঁ এলাকা এবং ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ নতুন রাস্তা এলাকায় রাস্তার দুই পাশে ও খালি জায়গায় বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী।
সকাল থেকেই মেহেন্দিগঞ্জ জুড়ে ছিল প্রতিকূল ও বৈরী আবহাওয়া। তবে টানা মুষলধারে বৃষ্টি থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে ভিজেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যান তিনি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও প্রতিমন্ত্রীর এমন আন্তরিক উদ্যোগ ও উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়ায়।
বৃক্ষরোপণকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে আমরা প্রান্তিক পর্যায় থেকে কাজ করে যাচ্ছি। আবহাওয়া প্রতিকূল হলেও পরিবেশ রক্ষায় আমাদের এই সংগ্রাম থেমে থাকবে না। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে হলেও গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।
কর্মসূচি পালনকালে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









