পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তার লক্ষ্য নিয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন গোরস্থানে বরই, নিম ও বাঁশগাছের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভার হিন্দুকান্দি কবরস্থানে বাঁশের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও জানান, পর্যায়ক্রমে উপজেলার ১০২টি ওয়ার্ডের গোরস্থানে এসব গাছের চারা রোপণ করা হবে। বিশেষ করে বাঁশগাছ লাগানোর মূল উদ্দেশ্য হলো, ভবিষ্যতে কোনো অসচ্ছল পরিবারে মৃত্যু হলে দাফনের জন্য প্রয়োজনীয় বাঁশের অভাব যেন না হয়। অনেক দরিদ্র পরিবার আর্থিক সংকটের কারণে এ ধরনের প্রয়োজন মেটাতে হিমশিম খায়। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাঁশের পাশাপাশি নিম ও বরই গাছ রোপণের মাধ্যমে গোরস্থানগুলোকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলা হবে। এতে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে গোরস্থানের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসী।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, “গোরস্থান আমাদের প্রিয়জনদের স্মৃতিবিজড়িত স্থান। তাই এসব স্থানের পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব গোরস্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, এটি শুধু সবুজায়ন কর্মসূচি নয়; বরং ভবিষ্যতে দরিদ্র মানুষের প্রয়োজনে বাঁশের সহজলভ্যতা নিশ্চিত করার একটি মানবিক উদ্যোগও।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









