কক্সবাজারের উখিয়া সীমান্তে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি ইয়াবার ব্যাগ ফেলে পালিয়ে যায়।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পালংখালী পূর্ব ফারিরবিল কেকড়াতলী এলাকায় এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির বিশেষ টহল দল।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
অধিনায়ক জানান, মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার হাতে থাকা একটি পলিব্যাগ সৈয়দ নুরের মাছের ঘেরের কাছে ফেলে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে পলিব্যাগটি উদ্ধার করেন।
পলিব্যাগের ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী পাঁচটি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে আনুমানিক ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘‘উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









