মাদারীপুরে সড়কের পাশে থাকা এক শিশু ও তার বাবাকে রক্ষা করতে গিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে গাড়ির নিচে চাপা পড়ে আবদুস সালাম (৪০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সালাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিবচর থানার একটি পুলিশবাহী পিকআপ ভ্যান মাদারীপুর আদালতে আসামি পৌঁছে দিয়ে শিবচরের দিকে ফিরছিল। পখিরা এলাকায় পৌঁছালে সড়কে সাত বছর বয়সী শিশু ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদার (৩০) অবস্থান করছিলেন।
এ সময় তাদের সাইড দিতে গিয়ে পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে পুলিশের গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়ির নিচে চাপা পড়ে পুলিশ সদস্য আবদুস সালাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আহতদের মধ্যে চার পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদের মাদারীপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, “একটি শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে এক পুলিশ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।’’
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









